ওয়েলিংটন: ওয়েলিংটনের বেসিন রিজার্ভের পিচে শনিবার তৃতীয় দিনে টানা ১৬ ওভার বল করে ফিলিপসের অফ স্পিনে ব্যাটিংয়ে ধস নেমেছে অস্ট্রেলিয়ার। সফরকারীরা দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১৬৪ রানে। ফিলিপস নিয়েছেন ৫ উইকেট। এটি তাঁর ক্যারিয়ার–সেরা বোলিং। এরপরও স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। স্বাগতিকদের ৩৬৯ রানের লক্ষ্য মাত্রাকে সামনে রেখে টিম সাউদির দল দিনের শেষে করেছে ৩ উইকেটে ১১১ রান। জিততে দরকার আরও ২৫৮ রান।
নিউজিল্যান্ডকে লক্ষ্যটা ছুঁতে হলে ঘরের মাঠে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড করতে হবে। নিউজিল্যান্ডে সর্বোচ্চ রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের, ১৯৬৯ সালে অকল্যান্ড টেস্টে। সেবার গ্যারি সোবার্স-ক্লাইভ লয়েডদের শক্তিশালী দলটি ৩৪৫ রানের লক্ষ্য টপকে গিয়েছিল। আর নিউজিল্যান্ড সর্বোচ্চ ৩২৪ রান তাড়া করে টেস্ট জিতেছে ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে। ৩৬৯ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৫৯ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান টম ল্যাথাম, উইল ইয়াং ও কেইন উইলিয়ামসনকে হারায়। ৩টি উইকেটই নিয়েছেন অস্ট্রেলিয়ার দুই স্পিনার লায়ন দুটি আর হেড একটি। তবে চতুর্থ উইকেটে জুটি বেধেছেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। দুজন মিলে ৫২ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন।
