মুম্বই, ১৪ ফেব্রুয়ারি : আগামীকাল রাজকোটে অশ্বিনের চাই আর মাত্র ৫ উইকেট। তা হলেই দেশের মাটিতে নজির গড়বেন রবিচন্দ্রন অশ্বিন। এরফলে তিনি ভারতের মাটিতে টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক হবেন,ভাঙবেন অনিল কুম্বলের রেকর্ড।
এখনও পর্যন্ত ভারতের মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে বেশি উইকেট কুম্বলের দখলে। ৬৩টি টেস্টে ৩৫০ উইকেট নিয়েছেন কুম্বলে। অশ্বিন দেশের মাটিতে এখনও পর্যন্ত ৫৭টি টেস্ট খেলেছেন। তাঁর উইকেট সংখ্যা ৩৪৬। ২৬ বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। ছ’বার ম্যাচে ১০টি বা তার বেশি উইকেট নিয়েছেন। অর্থাৎ, রাজকোটে দু’ইনিংস মিলিয়ে ৫টি উইকেট নিলেই কুম্বলের রেকর্ড ভেঙে দেবেন তিনি। শুধু তাই নয় রাজকোটে আরও একটি নজিরের সামনে দাঁড়িয়ে অশ্বিন। তা হল আর মাত্র ১টি উইকেট নিলেই টেস্টে ৫০০ উইকেট হবে তাঁর। সে ক্ষেত্রে কুম্বলের পরে দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৫০০ উইকেটের মালিক হবেন অশ্বিন।
