বন, ২০ ফেব্রুয়ারি : ১৯৯০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালের নায়ক আন্দ্রেস ব্রেমে চলে গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩। ফাইনালে তাঁর পেনাল্টি থেকে করা গোলেই দিয়েগো মারাদোনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। আর আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে পশ্চিম জার্মানি জিতেছিল বিশ্বকাপ। মঙ্গলবার জার্মান প্রেস এজেন্সি জানিয়েছে, এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ব্রেমের। কিংবদন্তি এই ফুটবলারের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে জার্মানির সহ ফুটবল বিশ্বে।
১৯৮৪ থেকে ১৯৯৪ সাল এই দশ বছর পশ্চিম জার্মানির হয়ে খেলেছিলেন তিনি। এর মধ্যে রয়েছে ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪ তিনটি বিশ্বকাপ। এছাড়াও তিনটি ইউরো কাপ খেলেছিলেন ১৯৮৪, ১৯৮৮, ১৯৯২ সালে। ১৯৮৪ সালের ইউরোর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। তাছাড়া ১৯৮৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকেও অংশ নিয়েছিলেন। জাতীয় দলের হয়ে ৮৬টি ম্যাচে ৮টি গোল করেছেন। আর বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলানের মতো ক্লাবের হয়েও খেলেছিলেন ব্রেমে।
