কলকাতা, ২৭ আগস্ট (হি.স.) : আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) কে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছে যে, ৩০ অক্টোবরের মধ্যে যদি তাদের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন না করা হয় তবে সম্ভাব্য স্থগিতাদেশ দেওয়া হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) এআইএফএ-এর সভাপতি কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে, নতুন সংবিধান চূড়ান্ত করা এবং রূপায়ণে বার বার দেরি হওয়ায় তারা ‘গভীর ভাবে চিন্তিত।’ ২০১৭ সাল থেকে এখনও সম্পূর্ণ হয়নি সংবিধান সংশোধনের কাজ। সুস্পষ্ট কোনও পরিকাঠামোর অভাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তাই সংবিধান সংশোধন করে ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের থেকে অনুমতি নিতে নির্দেশ দিয়েছে ফিফা।
তার পাশাপাশি ফিফা ও এএফসি, উভয়ের আইন ও নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান সংশোধনের বিষয়টিও উল্লেখ করেছে। চিঠিতে তারা জানিয়েছে, সরকারি সংস্থা–সহ কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই এআইএফএফ-কে স্বাধীনভাবে নিজেদের কাজ করতে হবে। এর আগে ২০২২ সালের ১৬ আগস্ট এআইএফএ ফিফার নিষেধাজ্ঞায় পড়েছিল।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
