কলকাতা, ২৮ জুন (হি.স.) :
সনথ জয়সূর্য। ৩০ জুন ১৯৬৯ শ্রীলঙ্কার মাতারা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন ক্রিকেটার ও রাজনীতিবিদ। তিনি একজন বিশ্বের স্বনামধন্য অল-রাউন্ডার ছিলেন, যার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার দুই দশকের বেশি বিস্তৃত। ১৯৮৯ সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে বক্সিং ডে’তে তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। দুই বছর পর ১৯৯১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে তিনি অভিষিক্ত হন।
১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। জয়সূর্য টেস্ট ক্রিকেট থেকে ২০০৭ সালের ডিসেম্বরে এবং সীমিত ওভার ক্রিকেট থেকে ২০১১ সালের জুনে অবসর গ্রহণ করেন।
কেরিয়ারে ১১০ টেস্ট খেলে করেছেন ৬৯৭৩ রান। সেঞ্চুরি করেছেন ১৪টি, অর্ধ সেঞ্চুরি করেছেন ৩১টি। আর উইকেট নিয়েছেন ৯৮টি। আর একদিনের ক্রিকেট খেলেছেন ৪৪৫টি, রান করেছেন ১৩৪৩০। উইকেট নিয়েছেন ৩২৩টি।
জয়সূর্য হচ্ছেন আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে একমাত্র খেলোয়াড় যার ১৩০০০ এর উপর রান ও তিনশতাধিক উইকেট আছে। তিনি সীমিত ওভারের ক্রিকেটে একজন সর্বশ্রেষ্ঠ অল-রাউন্ডার হিসেবে পরিগণিত হয়ে আছেন। ১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেটে তিনি সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন কর্তৃক ১৯৯৭ সালে বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন নির্বাচিত হয়েছিলেন।
জয়সূর্য ২০১০ সালে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং মাতারা জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
