লন্ডন, ১৫ আগস্ট (হি.স.): লিভারপুল ও বোর্নমাউথের ম্যাচ দিয়ে শুক্রবার শুরু ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মরসুম। এবারের আসরে মাঠের নিয়মে আসছে বড় ধরনের পরিবর্তন।
**কর্নার ও সেট পিসে ‘হোল্ডিং’ রোধে কড়াকড়ি:
গত মরসুমে কর্নার বা ফ্রি-কিকে ডিফেন্ডারদের অতিরিক্ত টেনে ধরা বেড়েছিল। এবার রেফারিরা আর বাড়তি সতর্কবার্তা দেবেন না, সরাসরি শাস্তি দেবেন।
**গোলরক্ষকের বল ধরে রাখার সময়সীমা:
আগের ৬ সেকেন্ডের নিয়ম কার্যত হারিয়ে গিয়েছিল। এখন গোলরক্ষককে ৮ সেকেন্ডের মধ্যে বল ছাড়তে হবে, নাহলে কর্নার। রেফারি হাত তুলে শেষ ৫ সেকেন্ড গুনে দেবেন।
**ভিএআর ও অফসাইড প্রযুক্তি:
ভিএআর-এর উচ্চ থ্রেশহোল্ড অপরিবর্তিত থাকবে, তবে এবার শুরু থেকেই আসছে ‘সেমি-অটোমেটেড অফসাইড টেকনোলজি’। স্টেডিয়ামের বড় পর্দায় রিপ্লে ও বাতিল হওয়া গোলের ফুটেজ দেখানো হবে।
**ডাবল-টাচ পেনাল্টি নিয়মে পরিবর্তন:
অনিচ্ছাকৃত ডাবল টাচের কারণে পেনাল্টি বাতিল নিয়ে গেল মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে বেশ বিতর্কই জন্ম নিয়েছিল। সুবিধা পেয়েছিল রিয়াল মাদ্রিদ, হুলিয়ান আলভারেজের পেনাল্টি বাতিল হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের পেনাল্টি শ্যুটআউটে। তবে প্রিমিয়ার লিগে এমন কিছু হলে এখন আর সরাসরি গোল বাতিল হবে না,এবার আবার পেনাল্টি নিতে হবে সেক্ষেত্রে দেওয়া হবে।
**রেফারি ক্যামেরা ও ভিএআর ঘোষণার নতুন ধারা:
শুরুর দিকে পরীক্ষামূলকভাবে রেফারিরা হেডসেটে ক্যামেরা পরবেন, যা সম্প্রচারেও ব্যবহার করা হবে। এছাড়া রেফারিরা ভিএআর সিদ্ধান্ত সরাসরি দর্শকদের জানাবেন।
**ক্যাপ্টেন ছাড়া কারও সাথে রেফারির কথাবার্তা নয়:
শুধু দলের অধিনায়কই রেফারির কাছে গিয়ে সিদ্ধান্ত জানতে পারবেন, যাতে ভিড় কমে। বাকিদের কথা বলার নিয়ম থাকছে না আর। সেটা করতে গেলেই শাস্তি পেতে হবে খেলোয়াড়দের।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
