ইকুয়েডর, ১৯ জুলাই(হি.স.): কোপা আমেরিকা ফেমিনা বা মেয়েদের কোপা আমেরিকাতেও দাপট দেখাচ্ছে আর্জেন্টিনা। ইকুয়েডরে চলমান টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে চিলিকে তারা হারাল ২-১ গোলে। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তাঁরা গ্রুপে শীর্ষস্থান বজায় রাখল এবং সেমিফাইনালের পথে এগিয়ে গেল।
ভারতীয় সময় শনিবার ভোরে সিউদাদ দেপোর্তিভা ইন্ডিপেন্ডেন্টে দেল ভ্যালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল চিলির মেয়েরাই। ১১তম মিনিটে দারুণ গোলে চিলিকে এগিয়ে দেন স্ট্রাইকার ভাইটিয়ার আনাহি পার্দো পিনিলা। গোল খাও্য়ার পর আর্জেন্টিনা আক্রমণ গেলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় প্রথমার্ধে কোনো গোল হয়নি।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৭৫তম মিনিটে পলিনা গ্রামাগলিয়া ডান ফ্ল্যাঙ্কের কর্নার থেকে দারুণ হেডে সমতা ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার ডায়ানা ফালফান। জয়সূচক গোলটি আসে ম্যাচের শেষ মুহূর্তে, ৯০তম মিনিটে। গোলটি করেন আলদানা কোমেটি। আগামী সোমবার পেরুর বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
