
সিডনি, ২৯ জুলাই (হি.স.) : আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় মহিলা এশিয়ান কাপের ড্র মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে সিডনি টাউন হলে। এবার স্বাগতিক দেশ অষ্ট্রেলিয়া।
ড্রয়ের পর কোন গ্রুপে কারা:
‘এ’ : অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন
‘বি’ : উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান
‘সি’ : জাপান, ভিয়েতনাম, ভারত, চায়নিজ তাইপে।
২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। ১২ দলের সেই লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার।
১২ দলের টুর্নামেন্টে তিন গ্রুপে থাকা চারটি করে দল লড়বে নকআউটের জন্য। তিন গ্রুপের সেরা দুটি করে মোট ৬ দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও পাবে শেষ আটে খেলার সুযোগ।
মেয়েদের এশিয়ান কাপে এখন পর্যন্ত সফল দল চীন। ১৯৮৬ সাল থেকে ১৪ বার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সবচেয়ে বেশি ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
