দুবাই , ২৪ সেপ্টেম্বর (হি.স.) : সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ। বুধবার তারা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই মাচে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের ফেবারিট ভারত। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র দল ভারত, যারা অপরাজিত দল। আগামী দুইদিন বাংলাদেশের অগ্নিপরীক্ষা। বুধবার ভারতের বিপক্ষে খেলার পরই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশকে। এই দুই ম্যাচের একটিতে জয় পেলে ফাইনালে খেলার সম্ভাবনা বাড়বে টাইগারদের।
এই দুই ম্যাচের মধ্যে বুধবার ভারতের বিপক্ষে ম্যাচটিই বেশি কঠিন বাংলাদেশের কাছে। লিটন দাসের দল শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী থাকলেও তারা সূর্যকুমারের দলের চেয়ে শক্তিমত্তায় অনেকখানি পিছিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এশিয়া কাপের দুটো ম্যাচেই পাকিস্তান আত্মসমর্পণ করেছে। সুতরাং ভারতের কাছে টাইগারবাহিনী কতটুকু লড়াই করতে পারে তা দেখার।
তবে, ভারতকে কঠিন প্রতিপক্ষ ভাবতে নারাজ বাংলাদেশের কোচ ফিল সিমন্স। সিমন্স বলেন, ‘প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার উপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার উপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।’
এদিকে পরিসংখ্যান বা শক্তিমত্তায় ভারতের ধারেকাছেও নেই বাংলাদেশ। সূর্যকুমারের দল যে টাইগারদের খুব বেশি সুযোগও দেবে না তা নিশ্চিত সিমন্স। তাই এক্ষেত্রে সুযোগ এলেই তা লুফে নেয়ার বার্তাই দিচ্ছেন শিষ্যদের।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
