দুবাই, ১০ সেপ্টেম্বর(হি.স.) : বুধবার দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহী বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত।
টি-২০ র ইতিহাসে সংযুক্ত আরব আমিরশাহী একবারই মাত্র ভারতের মুখোমুখি হয়েছে, সেটা ২০১৬ এশিয়া কাপে বাংলাদেশের মিরপুরে । শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর, সংযুক্ত আরব আমিরশাহী তাদের ২০ ওভারে ৯ উইকেটে ৮১ রানে সীমাবদ্ধ থাকে, যার মধ্যে ভারতের ছয় বোলারের প্রত্যেকেই একটি করে উইকেট নেন।
পুরুষদের এশিয়া কাপ টি-২০ তে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী ভুবনেশ্বর কুমার তাঁর চার ওভারের স্পেলে মাত্র আট রান দিয়ে দুটি উইকেট নেন। সহযোগী দলের হয়ে শাইমান আনোয়ার সর্বোচ্চ ৪৮ বলে ৪৩ রান করেন, যার মধ্যে তিনটি চার ও একটি ছক্কা ছিল। এই ম্যাচেই ভারতের হয়ে অভিষেক হয় বাঁ-হাতি স্পিনার পবন নেগির, তিনি মহম্মদ উসমানের উইকেট নেন। জবাবে, রোহিত শর্মার (২৮ বলে ৩৯) দ্রুত ওপেনিংএ ব্যাটিং এবং যুবরাজ সিংয়ের ১৪ বলে ২৫ রানের সুবাদে ভারত ৫৯ বল বাকি থাকতে নয় উইকেটের জয় পায়।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
