বাতুমি, ২৮ জুলাই (হি.স.) : সোমবার বিশ্ব দাবায় নতুন ইতিহাস গড়লেন ভারতীয় দাবাড়ু দিব্যা দেশমুখ। ১৯ বছর বয়সী দিব্যা জর্জিয়ার বাতুমিতে এফআইডিই (ফিডে) মহিলা দাবা প্রতিযোগিতার ফাইনালে হারালেন স্বদেশী গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পিকে।
সেই সঙ্গে দিব্যা মাত্র ১৯ বছর বয়সে ভারতের ৮৮তম গ্র্যান্ডমাস্টারের স্বীকৃতি পেলেন। ফাইনালে তিনি ৩৮ বছর বয়সী কোনেরু হাম্পির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। এদিন ফাইনাল ম্যাচে দুটি গেম ড্র হওয়ার পর ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। টাইব্রেকারে দিব্যা ১.৫-০.৫ ব্যবধানে হাম্পিকে পরাজিত করেন।
ফিডে মহিলা বিশ্বকাপে অভিজ্ঞ কোনেরু হাম্পিকে পরাজিত করে দিব্যা তরুণদের কাছে এক দৃষ্টান্ত হয়ে রইলেন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
