গুয়াইয়াকিল, ১০ সেপ্টেম্বর (হি.স.) : বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকান অঞ্চলে তাঁদের শেষ ম্যাচে বুধবার ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুয়াইয়াকিলে দুটি দলই একটি করে লাল কার্ড দেখে ১০ জনের দল ছিল। ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু লাভ হয়নি। ইকুয়েডরের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ করল শেষ ম্যাচ হেরে।
৩১তম মিনিটে আর্জেন্টিনার লাল কার্ড দেখেন ডিফেন্ডার ওতামেন্দি । পেনাল্টি পায় ইকুয়েডর। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ভ্যালেন্সিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ইকুয়েডরের মোইসেস কাইসেদো। স্ক্যালোনির দল পুরো ম্যাচে গোলের জন্য আটটি শট নিলেও একটিও শটও লক্ষ্যে রাখতে পারেনি । শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে ১৮ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল আর্জেন্টিনা। ১৮ ম্যাচে ইকুয়েডরের পয়েন্ট ২৯, তারা বাছাইপর্ব শেষ করেছে দ্বিতীয় অবস্থানে থেকে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
