নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.) : মঙ্গলবার প্রকাশিত বিডব্লিউএফ পুরুষদের ডাবলস বিশ্ব র্যাঙ্কিংয়ে এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি শীর্ষ দশে ফিরে এলেন। বিগত সপ্তাহে চায়না ওপেনে সেমিফাইনাল শেষ করার পর তাঁরা তিন ধাপ এগোলেন। বিশ্বের প্রাক্তন এই এক নম্বর জুটি বর্তমানে দশম স্থানে রয়েছেন,সেমিফাইনালে মালয়েশিয়ান জুটি অ্যারন চিয়া এবং সোহ উই ইক-এর কাছে ১৩-২১, ১৭-২১ ব্যবধানে হেরে যান। এই মরশুমে বিডব্লিউএফ ট্যুরে এটি ছিল তাঁদের তৃতীয় সেমিফাইনালে উপস্থিতি। এর আগে সিঙ্গাপুর ওপেন এবং ইন্ডিয়া ওপেনের শেষ চারে পৌঁছেছিলেন তাঁরা।
উল্লেখ্য, বিগত বছর থাইল্যান্ড ওপেনে শিরোপা জয়ের পর ভারতীয় এই জুটি বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান অধিকার করেছিলেন। এদিকে পুরুষদের এককে শীর্ষস্থানীয় ভারতীয় লক্ষ্য সেন ৫৪,৪৪২ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন। চিনের ঝেনজিয়াং ওয়াং ১৮ নম্বরে পৌঁছেছেন। আর এইচএস প্রণয়ও দুই ধাপ এগিয়ে ৪০,৩৩৬ পয়েন্ট নিয়ে বিশ্বের ৩৩ নম্বরে পৌঁছেছেন।
মহিলাদের একক বিভাগে, ১৭ বছর বয়সী উন্নতি হুদা বিগত সপ্তাহে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে জয়ের পর চার ধাপ এগিয়ে কেরিয়ার সেরা ৩১ নম্বরে পৌঁছেছেন। এদিকে, সিন্ধু ১৫ নম্বরেই অবস্থান করছেন এবং মহিলা একক বিভাগে সর্বোচ্চ র্যাঙ্কিংপ্রাপ্ত ভারতীয় হিসেবেই রয়েছেন। মহিলাদের ডাবলসে, ভারতের শীর্ষ জুটি ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ ১১ নম্বরেই রয়েছেন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
