মিউনিখ, ২০ জানুয়ারি (হি.স.): এই মাসের শুরুর দিকে না ফেরার দেশে চলে গেছেন জার্মান ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি ফ্রানৎস বেকেনবাউয়ার। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ফুটবল বিশ্ব। আলিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার রাতে তাকে নিয়ে হলো এক স্মরণসভা। সেখানে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টাইনমায়ার কৃতজ্ঞতা ভরে স্মরণ করলেন বেকেনবাউয়ারকে, সেই সঙ্গে তাকে তিনি আখ্যা দিলেন জার্মান ফুটবলের ‘সেরা দূত’ বলেও।
প্রিয় তারকাকে বিশেষভাবে শ্রদ্ধা জানাতে কয়েকদিন ধরে ‘ধন্যবাদ ফ্রানৎস’ লেখা বার্তার সঙ্গে আলোকিত রাখা হয় আলিয়াঞ্জ অ্যারেনা। সেই আলিয়াঞ্জ অ্যারেনাতেই এবার আয়োজন করা হলো স্মরণ সভা। দেশের প্রেসিডেন্ট, চ্যান্সেলর ওলাফ স্কোলজ, জার্মানির প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং ১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
