নয়াদিল্লি , ১৫ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার এমবোম্বেলা স্টেডিয়ামে শেষ বাছাইপর্বে রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে । থ্যালেন্তে এমবাথা, ওসউইন অ্যাপোলিস এবং এভিডেন্স মাকগোপার গোলের সুবাদে দক্ষিণ আফ্রিকানরা গ্রুপ সি-এর শীর্ষে থেকে আগামী বছরের কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত চতুর্বার্ষিক টুর্নামেন্টে স্থান নিশ্চিত করেছে। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল তারা।
সবশেষ ঘরের মাটিতে ২০১০ সালের বিশ্বকাপ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। এবার ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে খেলবে তারা। সব মিলিয়ে নিজেদের ইতিহাসে এটি দলটির চতুর্থ বিশ্ব আসর। এ দাকে আর এক ম্যাচে হারলে বা ড্র করলে সুযোগ পেয়ে যেতো নাইজেরিয়া। একই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বেনিনকে ৪-০ গোলে হারিয়েও লাভ হলো না নাইজেরিয়ার। দক্ষিণ আফ্রিকা থেকে এক পয়েন্ট কম থাকায় টেবিলের দুইয়ে থেকে বাছাই শেষ করল তারা। তবে প্লে-অফ থেকে আফ্রিকার দশম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ থাকছে নাইজেরিয়ার।
ইতোমধ্যে মিশর, সেনেগাল, কেপ ভার্দে, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ও ঘানা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। কেবল বাকি আছে গ্রুপ ‘এফ’। ৯ ম্যাচ শেষে আইভোরি কোস্ট ২৩ আর গ্যাবন ২২ পয়েন্ট নিয়ে সুযোগের অপেক্ষায় আছে। শেষ ম্যাচে যে দলই জিতুক তারা বিশ্বকাপে যাবে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
