মুম্বই, ৯ ডিসেম্বর (হি.স.): আজ মুম্বাইয়ে বসছে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। ১৬৫ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে। এই ভাগ্য পরীক্ষায় থাকছেন ১০৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার। আর রয়েছেন ১৫ জন অ্যাসোশিয়েট নেশনের ক্রিকেটারও। তাঁদের মধ্যে ৫৬ জন ক্রিকেটারের দেশের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।আর বাকি ১০৯ জন ক্রিকেটার আনক্যাপড। ফ্রাঞ্চাইজির পাঁচটি দলে ৩০টি স্লট খালি রয়েছে। তার মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য ৯টি স্লট খালি রয়েছে।
বিদেশীদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডট্টিন এবং অস্ট্রেলিয়ার পেসার কিম গার্থ নিলামে ৫০ লক্ষ টাকা বেস প্রাইসে রেজিস্ট্রেশন করিয়েছেন। গতবার কিম গার্থ ও ডিয়েন্ড্রা ডট্টিন গুজরাট লায়ন্সের হয়ে খেলেছিলেন। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড নিলামে ৪০ লক্ষ টাকা বেস প্রাইসে নাম রেজিস্ট্রেশন করিয়েছেন।এছাড়া অস্ট্রেলিয়ার জর্জিয়া ওয়েরহ্যাম, ইংল্যান্ডের অ্যামি জোন্স ও দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইলেরও বেস প্রাইস ৪০ লক্ষ টাকা।
হিন্দুস্থান সমাচার /শান্তি
