আমেদাবাদ, ১০ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে নিউজিল্যান্ডের সেমিফাইনালে খেলার সম্ভাবনা যেমন বাড়ল, তেমনি কঠিন হলো পাকিস্তান ও আফগানিস্তানের সমীকরণ।
নিউজিল্যান্ডের এই জয়ের ফলে সব কটি ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। তাদের নেট রানরেট ০.৭৪৩। এক ম্যাচ বাকি থাকা পাকিস্তান ও আফগানিস্তানের পয়েন্ট ৮ করে। তাদের নেট রানরেট যথাক্রমে ০.০৩৬ ও -০.৩৩৮। অর্থাৎ সেমির দৌড়ে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে এই দুদলকে নিজেদের ম্যাচে শুধু জিতলেই হবে না, তা হতে হবে বড়সড় ব্যবধানে।
আফগানিস্তান আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে। এটিই গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের শেষ ম্যাচ।দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। আজকের ম্যাচ আফগানিস্তানের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ আজ আফগানিস্তানকে তো জিততে হবেই, সেইসঙ্গে রান রেট ও বাড়াতে হবে। অর্থাৎ আজকের ম্যাচে আফগানিস্তানকে অনেক হিসাব নিকাশের মধ্য দিয়ে এগোতে হবে। তবে এ বারের বিশ্বকাপে আফগানরা বেশ কয়েকটি ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে সকলকে চমকে দিয়েছেন। ফলে ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে যে হারিয়ে দিতে পারবেন না রশিদ খানরা, তা বলা যায় না।
হেড টু হেড – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে একবারই মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ২০১৯ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
হিন্দুস্থান সমাচার /শান্তি
