সান্তিয়াগো, ২৩ অক্টোবর (হি.স.): ইউভেন্তুসকে হারিয়ে শাবি আলোন্সোর দল রিয়াল মাদ্রিদ জয়ের ধারা ধরে রাখল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে প্রথম পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছে প্রতিযোগিতাটির ১৫ বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দিয়েছেন বেলিংহ্যাম।
রিয়াল একমাত্র গোলটি পায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। বেলিংহ্যামের পা থেকে এলেও গোলটির পেছনে বড় অবদান ভিনিসিউস জুনিয়রের। ৫৭ মিনিটে কয়েকজনকে কাটিয়ে গোলে শট নিয়েছিলেন তিনি। বারপোস্টে লেগে বল যায় বেলিংহ্যামের কাছে, সেই বল পেয়ে জাল খুঁজে পান ইংলিশ ফুটবলার।
অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর এটা রিয়াল মাদ্রিদের টানা চতুর্থ জয়। জয়ের এই ধারাটা ধরে রাখা তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারন এই আত্মবিশ্বাস নিয়েই মরসুমের প্রথম এল ক্লাসিকোয় নামবে তারা। আগামী রবিবার লা লিগার ওই ম্যাচটি হবে আবার রিয়ালের মাঠে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
