ভুবনেশ্বর, ১৪ জানুয়ারি(হি.স.): আজ কলিঙ্গ সুপার কাপে হায়দরাবাদের বিরুদ্ধে কষ্ট করে জিতল মোহনবাগান। ৮৭ মিনিট পর্যন্ত ১ গোলে পিছিয়ে থাকার পরে একটি আত্মঘাতী গোল ও একটি পেনাল্টি থেকে গোলে শেষ পর্যন্ত ২-১ ফলে জিতল সবুজ-মেরুন। তবে আজ মোহনবাগান যে খেলা খেলল তা আগামী শুক্রবার প্রথম ডারবি ম্যাচের আগে চিন্তা বাড়িয়ে দিল সবুজ-মেরুন সমর্থকদের।কারণ আজ বাগানের খেলা সমর্থকদের মন ভরাতে পারেনি।
৮৩ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ থেকে বেরিয়ে যান হায়দরাবাদের অধিনায়ক নিম দোরজে।এর ফলে ১০ জন হয়ে যায় হায়দ্রাবাদ। এর পরেই খেলায় ফেরে মোহনবাগান।খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে হেড করে বল নিজেদের গোলেই ঢুকিয়ে দেন হায়দরাবাদের জেরেমি। এর দু’মিনিট পরেই বুমোসকে বক্সে ফাউল করার জন্য পেনাল্টি পায় মোহনবাগান।সেই পেনাল্টি থেকে গোল করেন পেত্রাতোস। বাকি সময় আর কিছু করার ছিল না হায়দরাবাদের। ভাল খেলেও হারতে হয় হায়দরাবাদকে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
