দুবাই, ২৯ সেপ্টেম্বর (হি.স.): এশিয়া কাপে শিরোপা জয়ের পর ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব এক মহৎ উদ্যোগ নিলেন। এবারের এশিয়া কাপের নিজের সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় সেনাকে দেওয়ার ঘোষণা করেন তিনি। সূর্যকুমার বলেন, ‘আমি আমার সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় সেনাকে দিচ্ছি।’
ম্যাচের পর প্রায় এক ঘণ্টা সময় ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিসি এবং পিসিবির সভাপতি মহসিন নাকভি। এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন। ব্যক্তিগত পুরস্কারের বেশিরভাগই পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেগুলো সবাই নিজে নিজে সংগ্রহ করার পর পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল সংগ্রহ করতে মঞ্চে ডাকা হয়। সবাইকে মেডেল দেন বুলবুল।
কিন্তু এশিয়া কাপের ট্রফি না নিয়েই মাঠ ছাড়ে ভারতীয় দল। কারণ মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেবে না ভারতীয় দল। শেষ পর্যন্ত এশিয়া কাপের শিরোপা ছাড়াই মাঠ ছাড়ে ভারতের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত এবারের এশিয়া কাপ শেষ হলো বিতর্কের মধ্য দিয়ে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
