নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): আজ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। তবে আইসিসি টুর্নামেন্ট ও বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স বরাবরই চিন্তার। তাহলে কি ভারতের আজকের সেমিফাইনালের পরীক্ষা কঠিন হল? তাহলে অতীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স কেমন? এবারের বিশ্বকাপে টানা নয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিয়ে নক আউটে এসেছে ভারত। এবারের বিশ্বকাপে ভারতই একমাত্র দল যারা একটা ম্যাচও হারেনি।
পরিসংখ্যানের পাতা ওল্টালে দেখা যাবে, নিউজিল্যান্ডর সামনে ভারতের পারফরম্যান্স ভাল নয়। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। শুধু তাই নয়, শুরুর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালেও কিউয়িদের কাছে হারতে হয়েছিল ভারতকে। তবে ২০০৩ এর পর এবারই ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে হারাতে সক্ষম হয়েছে ভারত। ২০১৯ সালে গোটা টুর্নামেন্টে অনবদ্য ক্রিকেট খেলা ভারতীয় দল সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে বিপর্যস্ত হবে তা কেউ ভাবতেই পারেননি।
টুর্নামেন্টে পাঁচটা সেঞ্চুরি করা রোহিত শর্মা, ছন্দে থাকা বিরাট কোহলি, লোকেশ রাহুল সেমিফাইনালে গিয়ে ব্যর্থ হন। এবারও সামনে সেই নিউজিল্যান্ড! এটা যেমন আশা এবার কিউয়িদের হারাবে ভারত, তেমনই কিছুটা আশঙ্কারও। কারণ এবারেও দুর্দান্ত ক্রিকেট খেলছে ভারত। সুতরাং ধরেই নেওয়া যায় যে ভারতীয় দলের যা ফর্ম ও শক্তি তাতে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে তারা। তবে ওয়াংখেড়ের পিচ ব্যাটিং স্বর্গ, তাই ভাবনায় আসছে কোনও অঘটন ঘটবে না তো?তাই প্রশ্ন জাগছে ঘরের মাঠে বিশ্বকাপের ট্রফিটা ভারতের হাতেই উঠবে তো? না কি নিউজিল্যান্ডের বাঁধা পেরোতে
পারবে না ভারত?
হেড টু হেড:
ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে ম্যাচের লড়াইয়ে কিউয়িদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে ভারতীয় দল। এই দুই দল মোট ১১৭বার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৫৯টি ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, এই লড়াইয়ে ৫০টি জয় পেয়েছে নিউজিল্যান্ড বাহিনী। ৭টি ম্যাচের কোন ফলাফল পাওয়া যায়নি। ১টি ম্যাচ টাই হয়। তবে এবার একটা তুল্যমূল্য লড়াই দেখা যাবে দুই দলের মধ্যে। এই দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে। সেই লড়াইটা একতরফাভাবে জিতে নেয় রোহিত শর্মার দল।
অতীত ভুলে সেমিতে ভয়হীন ক্রিকেটের বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক
আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে রোহিতরা। খেলতে নামার আগে গত বিশ্বকাপের ফলাফল নিয়ে একেবারেই ভাবতে নারাজ তিনি। হিটম্যানের লক্ষ্য, ‘আজ ও আগামী’ ৷ তাঁর কথায়, মাঝেমধ্যেই অতীত নিয়ে ভাবনাটা এসে যায়। কিন্তু আগে যা হয়েছিল সেটা অতীত। আজ কিংবা আগামিদিনে কী করব সেটা নিয়ে বেশি ভাবি৷ সবমিলিয়ে হিটম্যান বিশ্বকাপের সেমিতে এসে শুধু সামনে তাকাতে চাইছেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
