কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): ইডেনে দু’দিন আগে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে সাকিব আল হাসানের বাংলাদেশ। আজ ইডেনেই সাকিবদের দ্বিতীয় পরীক্ষা পাকিস্তানের বিরুদ্ধে। ছয় ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। মাত্র দু’টিতে জয় পেয়েছে বাবর আজমের দল। ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে শাহিন আফ্রিদিরা। অন্যদিকে ছয় ম্যাচের মাত্র একটি ম্যাচে সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাকিবদের ঝুলিতে মাত্র ২ পয়েন্ট। আজ মঙ্গলবার দুই দলই ম্যাচ জিততে মরিয়া।
হেড টু হেড পরিসংখ্যান:
পাকিস্তান আর বাংলাদেশ একদিনের ক্রিকেটে একে অপরের বিরুদ্ধে সাক্ষাৎকার হয়েছে ৩৮ বার। অনেক এগিয়ে পাকিস্তান। ৩৮ সাক্ষাতে ৩৩টিতে জিতেছে পাকিস্তান। পক্ষান্তরে বাংলাদেশ জিতেছে মাত্র ৫টি ম্যাচ। কোনো ম্যাচ অমীমাংসিত হয়নি। ঘরের মাঠে পাকিস্তানের জয়ের সংখ্যা ১২টি। অ্যাওয়ে ম্যাচে তারা জিতেছে ১৪ বার। নিরপেক্ষ মাঠে তারা জিতেছে ৭ ম্যাচ। পক্ষান্তরে বাংলাদেশ ঘরের মাঠে জিতেছে ৩,একটি অ্যাওয়ে ম্যাচেও জিততে পারে নি। ২ টি ম্যাচ তারা জিতেছে নিরপেক্ষ মাঠে। আর বিশ্বকাপে দুই বার মুখোমুখি হয়েছে এই দুই দল। ফলাফল ১-১।
হিন্দুস্থান সমাচার /শান্তি
