কাতার, ১৩ জানুয়ারি (হি.স.): আজ ১৩ জানুয়ারি, আহমেদ বিন আলি স্টেডিয়ামে ভারত মুখোমুখি হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রস্তুতি শেষ। ভারতীয় দলের লক্ষ্য একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে রয়েছে স্থানীয় ভারতীয় দলের সমর্থকদের মধ্যে। ম্যাচের আগে এক সাক্ষাৎকারে আজকের ম্যাচ নিয়ে ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী ২০১১ সালের প্রসঙ্গ টেনে দাবি করলেন যে অস্ট্রেলিয়া নিয়ে দলের মধ্যে কোন ভয় নেই। এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন যে গতবারের অস্ট্রেলিয়া দল সম্পর্কে কোনও ধারণাই ছিল না দলের । কিন্তু এবার অস্ট্রেলিয়া দলের সমস্ত খেলার উপর নজর রেখেছিল গোটা শিবির।
সেই সঙ্গে সুনীল বলেছেন, ”সেই বছরও আমাদের প্রথম প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া আমাদের খুব একটা অসুবিধা হবে না। এখানে আসার আগে অস্ট্রেলিয়া দুটি প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে প্যালেস্তাইন ও বাহরিনের বিরুদ্ধে। ওই দুটো ম্যাচই আমরা মনোযোগ দিয়ে দেখেছি। তাই ওদের খেলা নিয়ে একটা ধারণা আমাদের হয়েছে এবং সেই কারণে আমাদের মধ্যে অস্ট্রেলিয়া ভীতিটা অনেকটাই কেটে গেছে।” প্রসঙ্গত, ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার গোলে হেরেছিল ভারত।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
