কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলবে। এরপর আগামী বছর জুনে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে তাদের আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ নেই। তবে বিশ্বকাপের আগে সব দল কিছু প্রীতি ম্যাচ খেলবে। চলতি বছরের অক্টোবরে ফিফা উইন্ডোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে। আরেক লাতিন পরাশক্তি আর্জেন্টিনাও এবার অক্টোবরের সূচি চূড়ান্ত করেছে।
আগামী অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। যার প্রথমটিতে খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। আর এক ম্যাচে প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। যুক্তরাষ্ট্রে এই ম্যাচ দুটি খেলবে লিওনেল স্ক্যালোনির দল।
এই প্রীতি ম্যাচের সূচিও নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ১০ অক্টোবর, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
সফরের দ্বিতীয় ম্যাচ হবে ১৩ অক্টোবর, শিকাগোর সোলজার ফিল্ডে, সেই ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে পুয়ের্তো রিকোর অবস্থান ১৫৭তম।
এই দুই ম্যাচের পর আর্জেন্টিনা নভেম্বরে আফ্রিকা ও এশিয়া সফর করবে। আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে লুয়ান্ডা (অ্যাঙ্গোলার রাজধানী) এবং ভারতের কেরালায় ম্যাচ দুটো খেলবে আর্জেন্টিনা। তবে এই দুই ম্যাচের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
