কলকাতা, ২০ নভেম্বর (হি.স.): আগামী ২৩ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিরাট কর্মযজ্ঞ। দলের সর্বস্তরের নেতা, জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ রাজ্যের ভোটের মধ্যেই ২০২৪ সালের লোকসভার দামামা বেজে গিয়েছে বাংলায়। বছর ঘুরলেই লোকসভা। উৎসবের মরশুম মিটতেই তাই ফের রাজনৈতিক মঞ্চে মমতা।
২৩ তারিখ ইনডোর থেকেই কি চব্বিশের লোকসভা নির্বাচনের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করতে পারেন তৃণমূলনেত্রী? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক দলগুলি।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে পঞ্চায়েত নেতৃত্ব থেকে শুরু করে সাংসদ-বিধায়ক-সহ সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। তৈরি হবে আন্দোলনের নীল নকশা। সেখানে কী বার্তা দেবেন মমতা-অভিষেক? প্রশ্ন রাজনৈতিক মহলে।
হিন্দুস্থান সমাচার/ অশোক
