কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, তা আপাতত অবস্থান বদল করে আরও উত্তরের দিকে সরে গিয়েছে। এর জেরেই উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। এ ছাড়া, দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এর জেরে দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না কলকাতাও।
শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। রবিবার হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি হতে পারে।
অন্য দিকে, সপ্তাহভর ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
