কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.) : মঞ্চ খোলা নিয়ে তুলকালামের মধ্যেই সেনা বনাম কলকাতা পুলিশের চাপান উতোরের মধ্যেই মঙ্গলবার সেনাবাহিনীর ট্রাক থামাল কলকাতা পুলিশ।
মহাকরণের সামনে মুখোমুখি সেনা ও কলকাতা পুলিশ। লালবাজারে যাচ্ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। সেনার ট্রাকের পিছনেই ছিল পুলিশ কমিশনারের কনভয়। ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগে সেই সেনা ট্রাক আটকাল পুলিশ।
সেনার গাড়ি নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। সিগন্যাল খোলা থাকায় ট্রাক বাঁক নিয়েছিল। লালবাজারের তরফে জানানো হয়েছে, ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের দিকে যাওয়ার পথে ট্রাকটি বিপজ্জনক ভাবে ডান দিকে বাঁক নিয়েছিল।
কলকাতা পুলিশের তরফে ফোর্ট উইলিয়মে বিষয়টি জানানো হয়েছে। প্রসঙ্গত, সোমবারই ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির মঞ্চ খুলে দিয়েছিল সেনা। মঞ্চ ভেঙে দেওয়ার খবর পেয়েই সোজা গান্ধীমূর্তির সামনে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
