
বিলোনিয়া (ত্রিপুরা), ২৫ অক্টোবর (হি.স.) : সামাজিক অবক্ষয়ের নির্মম চিত্র দেখলেন বিলোনিয়ার মানুষ। জ্যেঠুর রোষানল থেকে অল্পের জন্য বড়োসড়ো বিপদ থেকে বাঁচল সাত বছরের নাবালিকা ভাতিজি। জানা গেছে, বিলোনিয়া থানার অন্তর্গত চিত্তামারা এলাকার আপন দেবনাথের সাত বছরের মেয়েকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে তারই সম্পর্কে জ্যেঠু নিমাই দেবনাথ।
অভিযোগ, বুধবার বিকালে আপন দেবনাথের ৭ বছরের শিশুকন্যা তার ভাইয়ের ছেলের সাথে খেলতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। এই ঘটনা দেখতে পেয়ে আপন দেবনাথের ভাই নিমাই দেবনাথ ছোট ছেলে-মেয়েদের ঝগড়া মিটিয়ে দেওয়ার পরিবর্তে ঘর থেকে অ্যাসিড এনে সাত বছরের শিশু কন্যাটির গায়ে ঢেলে দিতে যায়। তখন মেয়েটির চিৎকারে ছুটে আসেন তার বাবা আপন দেবনাথ। মেয়েকে বাঁচাতে ঘটনাস্থলে জড়িয়ে ধরে নিমাই দেবনাথের হাত থেকে বাঁচাতে যান। তখন নিমাই দেবনাথ অ্যাসিড তার ভাই আপন দেবনাথের শরীরে ছুঁড়ে মারে। ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হন আপন দেবনাথ।
সাথে সাথে তাঁকে বিলোনিয়া মহকুম হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আপন দেবনাথ ডাক্তারের পর্যবেক্ষণে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ধরনের ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ / সমীপ
