নদীয়া, ৬ সেপ্টেম্বর (হি.স.): নদীয়ার তেহট্টে ঘটে গেল বাকরুদ্ধকর ঘটনা। নিখোঁজ বালকের দেহ উদ্ধার ঘিরে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে তেহট্টের নিশ্চিন্তপুর এলাকা। বালকের দেহ উদ্ধার হতেই অভিযুক্ত সন্দেহে দু’জনকে গণপিটুনি দেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধেই। সেই গণপিটুনিতে দু’জনের মৃত্যুও হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর থেকেই নিখোঁজ ছিল নিশ্চিন্তপুর এলাকার ৯ বছরের এক বালক। দিনভর তাকে খোঁজার পরেও কোনও হদিশ পাওয়া যায়নি। অবশেষে শনিবার সকালে একটি পুকুর থেকে প্ল্যাস্টিক বন্দী অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়।
ঘটনায় জনতার রোষ গিয়ে পড়ে ওই বালকের প্রতিবেশী মণ্ডল পরিবারের উপর। অভিযোগ, ওই শিশুকে খুন করা হয়েছে এই সন্দেহে উৎপল মণ্ডলের পরিবারের তিনজনকে বাড়ির বাইরে বের করে এনে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পাশাপাশি ওই পরিবারের এক আত্মীয়ের দোকানেও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ।
গণপিটুনির পর গুরুতর জখম অবস্থায় মণ্ডল পরিবারের সদস্যদের তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে উৎপল মণ্ডল ও সোমা মণ্ডল নামে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গোটা ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিস বাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
