বিজাপুর, ২০ জুলাই (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলার ভোপালপত্তনম থানা এলাকার কোন্ডাপাগাডু গ্রামে নকশালদের রাখা আইইডি বিস্ফোরণে ১৬ বছরের এক নাবালক গুরুতর জখম হয়েছে। তাকে বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, জেলার কোন্ডাপাগডু গ্রামের বাসিন্দা নাবালক কৃষ্ণ গরু চরাতে জঙ্গলে গিয়েছিল। ওই এলাকায় নকশালরা আগে থেকেই আইইডি রেখেছিল। নাবালকের পায়ের চাপ পড়তেই আইইডি সক্রিয় হয়ে বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। বিস্ফোরণের শব্দ শুনে গ্রামবাসীরাও ঘটনাস্থলে পৌঁছে প্রথমে নাবালককে গ্রামে নিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ জনসাধারণকে বনাঞ্চলে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / পাপিয়া
