আগরতলা, ৫ ডিসেম্বর (হি.স.) : উন্নয়নের সাথে জড়িয়ে আছে দেশের প্রধানমন্ত্রীর নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছতার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। বর্তমান রাজ্য সরকারও স্বচ্ছ নীতিতে বিশ্বাস করে। প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছ নীতি গ্রহণ করে সরকার কাজ করছে। মঙ্গলবার আগরতলার ঊষাবাজারে দৈনিক ৮০ লক্ষ গ্যালন ক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ জল পরিশোধন প্ল্যান্টের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যবাসীর মৌলিক সুবিধাগুলি প্রদানে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত দিশায় সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের উন্নয়নমূলক কাজের সুফলগুলি পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি জানান, দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা হয়েছে। এই সংকল্প যাত্রার সাথে সাথে রাজ্যেও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযান শুরু হয়েছে। মূলতঃ সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সমূহ জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এই সংকল্প যাত্রা ও অভিযানের উদ্দেশ্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ কুমার দাস, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, পুর নিগমের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন, পুর নিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব প্রমুখ। প্রসঙ্গত, আমরুত প্রকল্পের অধীনে এই ভূগর্ভস্থ জল পরিশোধন প্ল্যান্টটি তৈরী করা হয়েছে। এই জল পরিশোধন প্রকল্প বাস্তবায়ণে ৭৮ কোটি টাকা ব্যয় হয়েছে। প্রায় ৪ হাজার সুবিধাভোগী এর ফলে উপকৃত হবেন। হিন্দুস্থান সমাচার / সুভাষ
