তেলিয়ামুড়া, ১৭ অক্টোবর (হি.স.) : আবারও ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে খোয়াই জেলার তেলিয়ামুড়ায়। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন একজন। দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন শিববাড়ি এলাকায়।
মঙ্গলবার অসম-আগরতলা জাতীয় সড়কে এনএল ০১ ২৩৮১ নম্বরের একটি কন্টেইনার (পণ্যবাহী লরি) এবং টিআর ০৫ ই ১৭৩২ নম্বরের একটি ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ হয় শিববাড়ি এলাকায়। গাড়ি দুটির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন কন্টেইনারের চালক তথা উত্তরপ্রদেশের বাসিন্দা দীনেশ পাল নামের এক ব্যক্তি। দুর্ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দফতর এবং মুঙ্গিয়াকামী থানার পুলিশকে।
খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত গাড়ি চালককে উদ্ধার করে নিয়ে আসেন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত ওই গাড়ি চালকের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেই সঙ্গে দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ। দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ / সমীপ
