কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.):জামিন পেলেন নেতাইকাণ্ডের অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাট। সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।
২০১৪ সালে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন রথীন। নেতাইকাণ্ডের সময় তাঁর বাড়ির ছাদ থেকেই গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সম্প্রতি এই মামলায় জামিনের আবেদন করেন রথীন। এর আগে একাধিকবার শুনানিও হয়। সে সময় জামিনের আবেদন খারিজ হয়ে গেলেও সোমবারের শুনানিতে জামিন পান তিনি।
যেহেতু ইতিমধ্যে প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত করা হয়ে গিয়েছে এবং সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়াও অনেকটা এগিয়েছে, তাই তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল আদালত।প্রায় ১০ বছর পর জামিন পেলেন রথীন। এতদিন বিচারাধীন বন্দি হিসাবে আছেন তিনি।
হিন্দুস্থান সমাচার/ অশোক
