কোচবিহার, ১৮ নভেম্বর (হি. স.) : কোচবিহারেছটঘাট পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি নেতা নিখিলরঞ্জন দে। শনিবার কোচবিহার শহরের ফাঁসির ঘাট এলাকায় তোরসা নদীর পাড়ে ছট ঘাট পরিদর্শনে গেলে তাঁকে ঘিরে বেশ কিছু মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। গো ব্যাক স্লোগানও তারা দেন। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
যদিও বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চাননি বিধায়ক নিখিলরঞ্জন দে। তিনি বলেন তৃণমূলে যারা রয়েছেন তারা প্রায় সকলেই সমাজবিরোধী। তারা তাদের দলের নেতাকর্মীদেরই পাত্তা দেন না। ফলে তাদের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।
আজকের এই ঘটনা নিয়ে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, নিখিলবাবু বিধায়ক হয়েছেন দুই আড়াই বছর হতে চলল। আজ পর্যন্ত তিনি তার এলাকায় যাননি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেননি। দুই বছর আগে সাধারণ গরিব মানুষ ১০০ দিনের কাজ করে রয়েছেন তার টাকা পাননি। তারা আবার সদর্পে ঘোষণা করছেন টাকা তারাই আটকে রেখেছেন। ফলে তারা গেলে মানুষ কি করবে। তাদেরকে তো ফুল চন্দন দেবে না।
হিন্দুস্থান সমাচার / কাকলি
