কলকাতা, ৭ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তির আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। কিছু দিনের জন্য কমবে শীতের আমেজ। শীত ফিরবে ১০ জানুয়ারির পর। শীতের দ্বিতীয় ইনিংস কমপক্ষে ৫ থেকে ৭ দিন স্থায়ী হতে পারে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। জোড়া ঘূর্ণাবর্তের জন্য শীত কমছে দক্ষিণবঙ্গে।
আবহবিদরা জানিয়েছেন, ১০ জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল শুরু হতে পারে। ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল। আবারো নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে ১০ জানুয়ারির পর। আগামী দু-তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায়। বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
