কলকাতা, ১০ সেপ্টেম্বর, (হি.স.): উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং হয়েছে বলে দাবি উঠেছে এনডিএ শিবির থেকে৷ দাবি করা হচ্ছে, প্রত্যাশার থেকে ১৪টি ভোট বেশি পেয়েছেন নবনির্বাচিত উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন৷ আর এই গুঞ্জনে ‘ইন্ডি’ জোটে ভাঙনের তত্ত্ব আরও জোরালো হচ্ছে৷ যে বিতর্ক মানতে নারাজ তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বুধবার কলকাতায় ফিরে অভিষেক দাবি করলেন, তৃণমূল এর সঙ্গে জড়িত নয়৷
এদিন অভিষেক বলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সকল সাংসদই উপস্থিত ছিলেন৷ অসুস্থ হওয়া সত্ত্বেও সুদীপ বন্দোপাধ্যায় এবং সৌগত রায়ের মতো সাংসদরা ভোট দিয়েছেন। উল্লেখ্য, বসিরহাটের সাংসদ হাজি নুরুলের মৃত্যুর পর, এই মুহূর্তে দুই কক্ষ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা একচল্লিশ। সেদিক থেকে অভিষেক দাবি করেছেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে তাঁদের ৪১টি ভোটই পেয়েছেন ‘ইন্ডি’ জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি৷
ক্রস ভোটিং আদপে হয়েছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ৷ তাঁর বক্তব্য, ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠছে৷ সেটা আদপে ক্রস ভোটিং, নাকি বাতিল হয়েছে! যেহেতু সমস্ত প্রক্রিয়াটাই গোপন ব্যালটে হয়, তাই এটা বলা মুশকিল৷ এক্ষেত্রে যেহেতু অনুমানের জায়গা রয়েছে, তাই অনেকে হয়তো এই নিয়ে নানানরকম জল্পনা করছেন। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয়, কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যারা সরাসরি বিজেপিকে সমর্থন করেছে৷
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
