অশোক সেনগুপ্ত
কলকাতা, ৮ ফেব্রুয়ারি : শেষ পর্যন্ত পুলিশের জালে এল দক্ষিণ কলকাতার কাঁকুলিয়ার দুই অভিযুক্ত। মার্কিন নাগরিক, বঙ্গসন্তান জিষ্ণু নাথকে মারধর, অশ্রাব্য গালিগালাজ-সহ বেশ কয়েকটি ধারায় রবীন্দ্র সরোবর থানায় ডায়েরি হয়েছিল তাদের নামে। গণ্ডগোলের ১০ দিন বাদেও ধরা পড়ল দুই মূল অভিযুক্ত।
৫৫ বছরের জিষ্ণুবাবু বহু বছর ধরে মার্কিন নাগরিক হলেও তাঁর বেড়ে ওঠা কলকাতায়। গোলপার্কে জন্ম, ৯০-এর দশকের গোড়ায় আসেন কাঁকুলিয়ার বাড়িতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন ’৯২-তে। বাড়ি কাঁকুলিয়া রোডে। বৃহস্পতিবার তিনি এই প্রতিবেদককে বলেন, “আমার বাড়ির সংস্কারের কাজ চলছে। এ কারণে টাকা দাবি করছিল প্রোমোটার খোকন সর্দার এবং রবীন সর্দার ওরফে ভৈলো। রাজি না হওয়ায় আমাকে মারধর, অশ্রাব্য গালিগালাজ করেছিল।”
পুলিশ জানায়, ঘটনার পর মূল দুই অভিযুক্ত গা ঢাকা দিয়ে ছিল। কলকাতা পুলিশের গোয়েন্দারা রবীন ওরফে ভৈলোকে ধরে দক্ষিণ ২৪ পরগনার লক্ষীকান্তপুর থেকে। খোকন রবীন্দ্র সরোবর থানায় আত্মসমর্পন করে।” ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১, ৩২৬, ৩৮৫, ৩৭৯, ৫০৬ ও ৩৪ ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে। চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে দু’জনকে। প্রসঙ্গত, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে সম্মত হয়েছে মার্কিন দূতাবাস। ছবিতে কাঁকুলিয়ায় জিষ্ণুবাবুর বাড়ি।
