আগরতলা, ফেব্রুয়ারি : স্কুল নির্মাণ সংস্থার কাছে ৩০ লক্ষ টাকা দেওয়ার হুমকি। প্রতিবাদে সরব পশ্চিম ত্রিপুরা জেলার জিরান্য়ার পাটনি এলাকার জনগণ। স্কুল নির্মাণ করতে হলে দিতে হবে ৩০ লক্ষ টাকা, অন্যথায় পাঁচদিনের মধ্যেই স্কুলের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি রাজনৈতিক দলের কতিপয় স্থানীয় নেতার।
জিরানিয়া মহকুমার অন্তর্গত মান্দাই ব্লকের পাটনি এলাকায় সংগঠিত এ ঘটনায় চাঞ্চল্য ও প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হয়েছে। জানা গেছে, জিরানিয়া মহকুমার অধীন মান্দাই ব্লকের অন্তর্গত পাটনি এলাকায় স্থানীয় জনগণ এলাকার উন্নতি এবং এলাকার ছেলেমেয়েদের পড়াশোনার কথা চিন্তা করে বিনা পয়সায় নিজেদের জায়গায় একটি একলব্য স্কুল নির্মাণ করার জন্য দান করেন। যথারীতি স্কুলের কাজ শুরু হয়। কিন্তু এলাকার উন্নয়ন এবং এলাকার ছেলেমেয়েদের পড়াশোনায় বাধা হয়ে দাঁড়িয়েছেন রাজনৈতিক দলের নেতারা। স্কুল নির্মাণকারী সংস্থাকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি শুরু হয়। দাবি, স্কুল নির্মাণ করতে হলে তাদের দিতে হবে ৩০ লক্ষ টাকা, অন্যথায় পাঁচদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে স্কুলের নির্মাণ কাজ।
সূত্রের খবর, এ সব নেতার অস্ত্রের ভয়ে বহিঃরাজ্যের নির্মাণ সংস্থা কাজ বন্ধ রেখে চলে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে শামিল হয়েছেন সাধারণ জনতা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানান, পাটনি এলাকার ছেলেমেয়েদের পড়াশোনার স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে তারা বিনা পয়সায় একটি একলব্য স্কুল করার জন্য জায়গা দান করেছেন। কিন্তু রাজনৈতিক নেতারা নির্মাণ সংস্থার কাছে টাকা দাবি করে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করে কাজ বন্ধ করে দিয়েছে।
তাই সরকার যেন বিষয়টিকে দেখে এবং ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুল নির্মাণে সহযোগিতা করে। পাশপাশি যে রাজনৈতিক নেতারা ছেলেমেয়েদের উন্নতি, রাজ্যের উন্নতি চায় না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তাঁরা।
বলা বাহুল্য বর্তমানে রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি আইপিএফটি জোট সরকার এবং এডিসিতে ক্ষমতায় রয়েছে তিপ্রা মথা। স্কুলের নির্মাণ কাজে নেতাদের এ ধরনের মাফিয়াগিরিতে রাজ্যের উন্নয়নে ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে যেন সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করে, দাবি সচেতন মহলের।
তবে কোন দলের নেতারা এ ভাবে টাকা দাবি করেছেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি এলাকাবাসী।
