গুয়াহাটি লোকসভা নির্বাচনের আগে অসমে নগদ সহ ১৪১.১২ কোটি টাকার বেশি মদ, ড্রাগস এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
আজ সোমবার রাজ্য নির্বাচন কমিশন দফতর সূত্রে এ খবর জানানো হয়েছে। ভাগ ভাগ করে কমিশন জানিয়েছে, ১ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত গোটা রাজ্য জুড়ে নগদ বাজেয়াপ্ত করা হয়েছে ৩.১৮ কোটি টাকা। এছাড়া সরকারি বিভিন্ন সংস্থা ১৯ কোটি টাকার বেশি মূল্যের প্রায় ১৬ লক্ষ লিটার মদ উদ্ধার করেছে। তদুপরি ৪৮.৭৭ কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তাছাড়া, ৪৪.২২ কোটি টাকার মূল্যবান ধাতু এবং ২৫.৬৮ কোটি টাকা মূল্যের ‘ফ্রিবিজ বা অন্যান্য আইটেম’ রাজ্যের এলাকা থেকে কেন্দ্রীয় সংস্থাগুলি উদ্ধার করেছে। মোদ্দা কথায় গত ৪৪ দিনে ১৪১.১২ কোটি টাকার নগদ সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
নগদ অর্থ, মদ, মাদকদ্রব্য ইত্যাদি সামগ্রী যাদের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে, তারা আসাম পুলিশ, ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সারভেইল্যান্স টিম, আবগারি এবং অন্যান্য প্রয়োগ ও নিয়ন্ত্রক সংস্থা।
