মুর্শিদাবাদ, ১ মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার ঠিক আগে মুর্শিদাবাদের খড়গ্রামে চলল গুলি। এক কংগ্রেস কর্মীর আহত হওয়ার খবর মিলেছে। পুলিশ সূত্রে খবর, দু’রাউন্ড গুলি চলেছে। আহত কংগ্রেস কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের দুপক্ষের মধ্যে বচসা আগেই ছিল। বুধবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুপক্ষের মধ্যে হাতাহাতি হতে থাকে। ঘটনার মুহূর্তে ক্যামেরাবন্দি করেছেন এলাকারই কোনও এক ব্যক্তি। সে দৃশ্য সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, রীতিমতো বাড়ির ভিতর থেকে এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে বাইরে বার করে এনে মারধর করা হচ্ছে। কুড়ি-পঁচিশ ব্যক্তি এক জনকে মারধোর করছেন। চলতে থাকে এলোপাথাড়ি কিল চড় ঘুষি। এক মহিলা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তার ওপরেও চার জন চড়াও হন। তার মধ্যেই গুলি চালনার ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
