কোকরাঝাড় (অসম) ১ নম্বর কোকরাঝাড় সংসদীয় আসনের দু-বারের তথা বর্তমান সাংসদ নবকুমার শরণিয়ার মনোনয়নপত্র বাতিল বাতিল হয়ে গেছে।
কোকরাঝাড়ের রিটার্নিং অফিসার প্রদীপ কুমার দ্বিবেদী এ খবর দিয়ে জানান, মনোনয়নপত্র পরীক্ষায় তথ্যে গরমিল ধরা পরায় নির্দলীয় প্রার্থী (সাংসদ) নবকুমার শরণিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে, জানান তিনি। জানান, আগামীকাল ২২ এপ্রিল বিকাল ৩-টা পৰ্যন্ত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আজ ছিল মনোনয়নপত্র পরীক্ষার অন্তিম দিন।
সাংসদ তথা নির্দলীয় প্ৰাৰ্থী নবকুমার শরণিয়ার মনোনয়নপত্র বাতিলের কারণ সম্পর্কে রিটার্নিং অফিসার দ্বিবেদী বলেন, তাঁর তফশিলি জনজাতির (এসটি) শংসাপত্র জাল বলে ধরা পড়ায় এই পদক্ষেপ নিতে হয়েছে। তাঁর এসটি শংসপত্ৰ সম্পর্কে একটি রিপোর্ট দিয়েছিল রাজ্য কমিটি। ইতিপূর্বে এসটি সম্পর্কিত তাঁর আবেদন গুয়াহাটি উচ্চ আদালতে একাধিকবার খারিজ হয়েছে।
উল্লেখ্য, ১ নম্বর কোকরাঝাড় সংসদীয় কেন্দ্রে মোট ১৬ জন প্ৰাৰ্থী মনোনয়ন দাখিল করেছিলেন। নব শরণিয়া ছাড়া বাকি ১৫ জনের মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে।
