আগরতলা, লোকসভা নির্বাচনের প্রাক্কালে ব্যাপক সাংগঠনিক কর্মসূচি শুরু করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম জেলা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। রবিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র যে কেন্দ্রের বিধায়ক কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মণ সেই কেন্দ্রেই কংগ্রেসকে জবরদস্ত ঝাটকা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব।
পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে শত শত কংগ্রেস সমর্থক আজ বিজেপি দলে যোগ দিয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে বরণ করে নেন পাপিয়া দত্ত, বিপ্লব কুমার দেব এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, রেকর্ড ভোটে রাজ্যের দুটি কেন্দ্রেই জয়ী হবেন বিজেপির প্রার্থীরা। বিপ্লব দেব আরও বলে তিনি কোনও ব্যক্তির বিরুদ্ধে নন। নাম না করে তিনি বলেন তিনি কংগ্রেস নেতৃত্বদের চিন্তা ভাবনার বিরোধী। রাজ্যের সকল স্তরের মানুষের জন্য বিজেপি লড়াই করবে। দেশের মানুষ ফের একবার প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে চাইছে। কারণ নরেন্দ্র মোদী থাকলে সবকিছু সম্ভব।
বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো এনডিএ সরকার প্রতিষ্ঠিত হবে কেন্দ্রে। দলের সহ-সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, ৬ আগরতলা কেন্দ্রের ভোটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেবকে রেকর্ড ভোটে লিড দেবে।
