উত্তর ২৪ পরগনা, ২৩ নভেম্বর (হি.স.): দেখতে দেখতে ৭ দিন অতিক্রান্ত। উত্তর ২৪ পরগনার আমডাঙার তৃণমূল কংগ্রেস প্রধান রূপচাঁদ মণ্ডল খুনে এখনও অধরা এফআইআর-এ নাম থাকা অভিযুক্তরা। স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এই অভিযোগে বৃহস্পতিবার সকালে আমডাঙার সোনাডাঙা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন নিহত তৃণমূল প্রধানের অনুগামীরা। টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ভরসন্ধেয়, ভরা হাটের মধ্যে বোমা মেরে খুন করা হয় আমডাঙার পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে। খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নিহত পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে পুলিশকে চার দিনের সময়সীমা বেঁধে দেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আজই শেষ হচ্ছে সেই সময়সীমা।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
