যোধপুর, ২৩ জুন (হি.স.) : আধার, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ই-মেল আইডি ও নকল ফার্ম গড়ে গোটা দেশে (জিএসটি) কর ফাঁকি দেওয়া এক আন্তঃরাজ্য চক্রের হদিস পেল রাজস্থান পুলিশ। পুলিশের যৌথ অভিযানে এই চক্রের ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , চক্রটি ২২টি রাজ্যে ২৪০টি ভুয়ো সংস্থা খুলে প্রায় ৫২৪ কোটি টাকার (জিএসটি) কর ফাঁকি দিয়েছে। এর মধ্যে ২৭৮ কোটি টাকার জাল ইনপুট নেওয়া হয়েছে এবং ২৪৬ কোটি টাকার ইনপুট অন্যদের ট্রান্সফার করা হয়েছে।
সোমবার ডিসিপি রাজর্ষি রাজ বর্মা জানান, ২৪০টি ফার্মের মধ্যে ১৫২টি ফার্মের জিএসটি রেজিস্ট্রেশন ইতিমধ্যেই বাতিল করেছে সংশ্লিষ্ট রাজ্যের জিএসটি দফতর। রাজস্থানে থাকা ২৯টি ফার্মের মধ্যে ১৬টির রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। এছাড়াও , যোধপুরে নথিভুক্ত ১৭টি সংস্থার মধ্যে ৯টির রেজিস্ট্রেশন বাতিল করা হয় এবং বাকি ৮টি ফার্মের বিরুদ্ধে ১৯ জুন কেন্দ্রীয় জিএসটি দফতর অভিযান চালিয়ে দেখতে পায়, সবকটি সংস্থাই নিজেদের নথিভুক্ত ঠিকানায় পরিচালিত হচ্ছিল না। তিনি আরও জানান , অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
