কলকাতা, ১০ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঐতিহ্যবাহী শ্রাবণী মেলার সূচনায় ভক্তদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, বাংলার হুগলি জেলার ঐতিহ্যবাহী তারকেশ্বর শ্রাবণী মেলা আজ থেকে শুরু হচ্ছে। বাবা তারকনাথের মাহাত্ম্যধন্য এই পবিত্র তীর্থক্ষেত্রে প্রতিবছরই গোটা শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের আশীর্বাদ কামনায় সমাগম ঘটে লক্ষ-লক্ষ ভক্তবৃন্দের। আমি এই মেলায় আগত সেই সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মুখ্যমন্ত্রী আরও জানান, এ প্রসঙ্গে বলি, তারকেশ্বর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সামগ্রিক উন্নয়নকল্পে এবং পুণ্যার্থীদের সুবিধার্থে আমাদের সরকার নানা পদক্ষেপ করেছে, যার মধ্যে আছে এলাকাজুড়ে রাস্তাঘাটের সংস্কার,পানীয় জলের ব্যবস্থা, দুধপুকুরের সংস্কার, স্নানঘাট নির্মাণ, তীর্থযাত্রীদের জন্য বিশ্রামাগার, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, তীর্থযাত্রীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশি ব্যবস্থা, সিসিটিভি ইত্যাদি। আমাদের গড়ে দেওয়া তারকেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষ এলাকার উন্নয়নে সদা সক্রিয়। সকল ভক্তবৃন্দকে বলব – সাবধানে, আস্তে আস্তে যান। ভাল করে জল ঢেলে নিরাপদে ফিরে আসুন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
