
অসম–মধ্যপ্রদেশ সাংস্কৃতিক সেতুবন্ধনের বার্তা তুলে ধরেছে আটটি কেভি-র শিক্ষার্থীরা
শিলচর (অসম), ১৮ আগস্ট (হি.স.) : কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (শিলচর অঞ্চল)-এর উদ্যোগে আজ সোমবার শিলচরে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় (কেভি)-এ ক্লাস্টার পর্যায়ের ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ শীৰ্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর অসম এবং মধ্যপ্রদেশের সাংস্কৃতিক জুটি নির্ধারিত হওয়ায় অনুষ্ঠানটি দুই রাজ্যের শিল্প-সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।
শিলচর ক্লাস্টারের অধীনস্থ আটটি কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে দিনব্যাপী উৎসবকে প্রাণবন্ত করে তুলেছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সমবেত নৃত্য, সুমধুর সংগীত পরিবেশনা, হস্তনির্মিত সামগ্রী প্রদর্শনী ও তাৎক্ষণিক চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের অসাধারণ প্রতিভা উপস্থাপন করেছে। প্রতিটি পরিবেশনায় ভারতের ঐক্য ও বৈচিত্র্যের বার্তা প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, ‘‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কেবল সাংস্কৃতিক উৎসব নয়, এটি জাতীয় ঐক্যের এক মহান অঙ্গীকার। বিভিন্ন রাজ্যের শিক্ষার্থীরা যখন একে অপরের শিল্প-সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য শেখে, তখন তারা ঐক্যের দূত হয়ে ওঠে। এ-ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে সম্মান, সম্প্রীতি ও আমাদের ঐতিহ্যের প্রতি গর্ববোধ জাগিয়ে তোলে। আমি কেন্দ্রীয় বিদ্যালয় পরিবারকে আন্তরিক অভিনন্দন জানাই।’’ জেলাশাসক শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সহনশীলতা, শৃঙ্খলা ও সম্মানের মূল্যবোধ অনুসরণের আহ্বান জানান।
বিশিষ্ট অতিথি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (শিলচর অঞ্চল)-এর উপায়ুক্ত পিআইটি রাজা বলেন, ‘আজকের শিশুরা কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ নয়, তারা ভারতের বহুমুখী ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে চরিত্র গঠনের শিক্ষা পাচ্ছে। অসম এবং মধ্যপ্রদেশ ভৌগোলিকভাবে দূরে হলেও ইতিহাস ও ঐতিহ্যে অটুট বন্ধনে আবদ্ধ। এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে সেই সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে।’
বিশেষ অতিথি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (শিলচর অঞ্চল)-এর সহ-আয়ুক্ত একে সীত বলেন, ‘কেন্দ্রীয় বিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের ওপর জোর দিয়ে এসেছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ঐক্যের গৌরব বোধ তৈরি করে এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলে। আজকের পরিবেশনা প্রমাণ করেছে, আমাদের শিক্ষার্থীরাই ভবিষ্যতের জাতীয় মূল্যবোধের প্রকৃত বাহক।’
অনুষ্ঠানের ক্লাস্টার সমন্বয়কারী সুনীল গুপ্ত এবং আয়োজক বিদ্যালয়ের অধ্যক্ষ কিশোর কুমার পাণ্ডে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা স্কাউটস অ্যান্ড গাইডস এবং কাবস অ্যান্ড বালবুলস সদস্যদের শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের প্রশংসা করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
