কলকাতা, ৩ আগস্ট (হি.স.): রিজেন্ট পার্কে এক ব্যক্তির রহস্যমৃত্যু ঘিরে শোরগোল। রবিবার নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম দিলীপ সাহা। তিনি রিজেন্ট পার্কের আনন্দপল্লি পশ্চিমের বাসিন্দা। ঢাকুরিয়ার একটি স্কুলের অশিক্ষক কর্মী ছিলেন তিনি। ১৯৭২ সালে ঢাকার নবাবগঞ্জ থেকে কলকাতায় আসেন তিনি। তাঁর পরিবারের দাবি, এনআরসি হলে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এই ভয় পেতেন দিলীপ। জানা গিয়েছে, রবিবার সকালে তাঁর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে একাধিকবার ডাকাডাকি করেন স্ত্রী। কিন্তু কোনও সাড়া দেননি দিলীপ। এর পরেই পাশের বাড়ি থেকে এক আত্মীয়কে ডাকেন তিনি। সেই আত্মীয়ই দরজা ভাঙার পরামর্শ দেন। দরজা ভেঙে দিলীপ সাহার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পুলিশই দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাও খতিয়ে দেখা হচ্ছে।
মৃতের পরিবারের সদস্যদের দাবি, কয়েক মাস ধরে এনআরসি আতঙ্কে ভুগছিলেন তিনি। দিলীপবাবু ভাবতেন, এনআরসি হলে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। গত ৭ দিন ধরে আতঙ্কে বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেন তিনি। ঘরে বসে থাকতেন, টিভি দেখতেন। এরপরই উদ্ধার হল দেহ। পরিবারের দাবি, আতঙ্কেই আত্মহত্যা। তবে নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
