কলকাতা, ২৬ সেপ্টেম্বর, (হি.স.): ফের কলকাতা মেট্রোয় ঝাঁপ৷ এবার ঘটনাটি ঘটেছে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে৷ দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে৷ এর জেরে ব্যাহত হয় মেট্রো চলাচল৷
কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) ভাঙাপথে ট্রেন চলাচল করে। কলকাতা মেট্রোর ‘আদি’ লাইনে প্রায় ৫০ মিনিট পর পরিষেবা স্বাভাবিক হয়।
জানা গিয়েছে, ডাউন লাইনে, অর্থাৎ শহিদ ক্ষুদিরামগামী মেট্রোর সামনে ঝাঁপ মারেন এক যাত্রী। মেট্রোরেল সূত্রে খবর, ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত পরিষেবা সাময়িক বন্ধ করতে হয়। সেই সময় শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চালানো হয়।
মেট্রোর দাবি, দুপুর ১টা নাগাদ একটি ঘটনা ঘটে। সেই কারণে পরিষেবা ‘অনিয়ন্ত্রিত’ হয়ে পড়ে। তবে বেলা ১টা ৫০ মিনিট নাগাদ ব্লু লাইনের পুরো পথে আবার পরিষেবা স্বাভাবিক হয়।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
