কলকাতা, ৩ অক্টোবর (হি.স.): এই নিয়ে তৃতীয় বর্ষে মহাধুমধামের সঙ্গে শারোদৎসব উদযাপিত হয়েছে মেঘবালিকা আবাসনে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অবস্থিত ইডেন মেঘবালিকাতে যথোচিত ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে, ধুমধামের সঙ্গে দুর্গা পুজো উদযাপিত হয়েছে। পাঁচ দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মেঘবালিকা আবাসনের বাসিন্দারা উৎসাহের সঙ্গে দেবীর পুজোয় অংশ নেন। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গার পুজো করা হয়।
পূজার্চনার পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, তাতে অংশ নেন মেঘবালিকার বাসিন্দারা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল একক ও দলীয় নৃত্য, গান এবং নাটক পরিবেশনা। আয়োজকরা জানিয়েছেন, এবার ঐতিহ্যবাহী পুজোর থিমকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবারে তাঁদের থিম ছিল ‘বারো ঘর এক উঠোন’। পুরো অনুষ্ঠান জুড়ে আবাসনের বাসিন্দারা একত্রিত হয়েছিলেন। বিজয়াদশমীতে, মহিলারা উৎসাহের সঙ্গে সিঁদুর খেলা এবং ধুনুচি নাচে অংশ নেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় জমকালো এই দুর্গোৎসব।
ইডেন মেঘবালিকা আবাসন এবার বারুইপুর প্রেস ক্লাব ও খবর ৪৮ ঘণ্টার তরফে জেলার সেরা পুজো শিরোপায় ভূষিত হয়েছে। এই সম্মানে ভূষিত হওয়ার পর মেঘবালিকা আবাসনের দুর্গোৎসবের মুকুটে আরও একটি পালক সংযোজিত হয়েছে। বিগত ৩ বছর ধরে এই পুজো জনসাধারণের নজর কেড়েছে। এবার জমিদারবাড়ির আদলে তৈরি হয় দেবীর মূর্তি। পুজোর মধ্য দিয়ে বনেদি ভাবনাকে তুলে ধরা হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
