কলকাতা, ১ ডিসেম্বর (হি. স.) : আগামী বুধবার অর্থাৎ ৩ ডিসেম্বর জেলা সফরে মালদার গাজোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় জনসভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মঞ্চ নির্মাণের পাশাপাশি অন্যান্য কাজকর্মও চলছে জোরকদমে। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে গাজোল কলেজ ময়দানে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সভাস্থলে হেলিকপ্টারের ট্রায়াল রান হল সোমবার। এদিন প্রশাসনিক সূত্রেই জানা গিয়েছে যে, আগামী ৩রা ডিসেম্বর বেলা ১১টায় গাজোল কলেজ ময়দানে দলীয় জনসভায় যোগদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রীর আগমণের প্রাক্কালে সেজে উঠছে গোটা গাজোল কলেজ চত্বর। জোরকদমে চলছে মঞ্চ তৈরি সহ অন্যান্য কাজকর্ম। ওইদিন মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে গাজোল কলেজ ময়দানের সভাস্থলে ‘পৌঁছবেন। তাই হেলিকপ্টার থেকে মুখ্যমন্ত্রীর অবতরণের জন্য কলেজ ময়দানে তৈরি হয়েছে হেলিপ্যাড। নবনির্মিত অস্থায়ী সেই হেলিপ্যাডেই সোমবার হেলিকপ্টারের ট্রায়াল রান হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা সভাস্থলের নিরাপত্তা সহ সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখেছেন। মুখ্যমন্ত্রীর সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর হয়ে উঠেছে জেলা তৃণমূল নেতৃত্বও।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
